দূরপাল্লার বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান


Better Narayanganj প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন / ১০০০
দূরপাল্লার বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

ঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জের চাষাড়া আর্মি মার্কেট ও চাঁদমারি এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (১ জুন) দুপুর দেড়টার দিকে লেফটেন্যান্ট মাহিয়াত সিকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শ্যামলী এন.আর. ট্রাভেলস, শ্যামলী পরিবহন, কোহিনুর পরিবহন, শহ ফতে আলী ও হযরত শাহজালাল শাহপরান এন্টারপ্রাইজের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আটক করা হয়।

অভিযানে সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে একযোগে শহরের গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে টিকিট মূল্য যাচাই করেন। এসময় দেখা যায়, কয়েকটি বাস কাউন্টারে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হচ্ছিল। ঘটনাস্থলে থাকা কাউন্টারকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়। পরে অভিযুক্ত ছয়জনকে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব, কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করেন। একজন যাত্রী বলেন, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় এক দুঃসহ অভিজ্ঞতা। সরকার ও সেনাবাহিনীর এই পদক্ষেপ আমাদের জন্য স্বস্তিদায়ক।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।