জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে-মেয়ে


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন / ১০০০
জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে-মেয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে ছেলে-মেয়ের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আষাঢ়িয়াচর গ্রামের আব্দুর রহিম (৭০) বাড়ির সামনে রাস্তায় থাকা অবস্থায় তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার প্রকাশ্যে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন।

আহত আব্দুর রহিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা বাধা দিয়েও সন্তানদের হাত থেকে মুক্ত করতে ব্যর্থ হন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হলে অভিযুক্তরা সরে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।