নারায়ণগঞ্জে মেডিকেল কলেজের জন্য মন্ত্রণালয়ে গিয়াসউদ্দিনের আবেদন


Better Narayanganj প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে মেডিকেল কলেজের জন্য মন্ত্রণালয়ে গিয়াসউদ্দিনের আবেদন

মন্ত্রনালয়ে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার আবেদন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন। ২৫ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর আবেদন জানিয়ে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে গিয়াসউদ্দিন উল্লেখ করেন, ‘নারায়ণগঞ্জ জেলার গুরুত্ব অন্যান্য জেলার থেকে অনেক বেশি। রাজধানীর সন্নিকটের এই জেলায় জীবন ও জীবিকা নির্বাহের লক্ষ্যে ৬৩ জেলার মানুষ ছুটে আসেন। ৬৮৪.৩৫ বর্গকিলোমিটারের এই জেলা শিল্প সমৃদ্ধ ও ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক। ৫টি উপজেলায় বিভক্ত নারায়ণগঞ্জে একটি সিটি করপোরেশন, ৫টি পৌরসভা এবং ৩৯টি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রায় কোটি মানুষের বসতি। এত সংখ্যক মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে এখানে একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরী।

বিগত ০৪ জানুয়ারি ২০২২ ইং তারিখে ৫৯.০০.০০০০,১৪০,১৮,১৯১,২১.১৩ স্মারক নম্বরে ‘নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি। জনস্বার্থ বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এ চিঠির অনুলিপি প্রদান করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (সকল) ও যুগ্ম সচিব (সকল), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (মাননীয় উপদেষ্টার সদয় অবগতির জন্য) এবং জেলা সিভিল সার্জনের কাছে।